চাঁদপুরের হাজীগঞ্জে মুরগি বহনকারী ট্রলির সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কিবরিয়া (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিতে থাকা এক নারীসহ আরও তিনজন আহত হয়েছেন।
ঘটনা ঘটে বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জের বাকিলা এলাকায় জাফর মেম্বার বাড়ির সামনে।
বিজ্ঞাপন
নিহত কিবরিয়া শাহরাস্তি উপজেলার রায়শ্রী ইউনিয়নের আব্দুল মালেকের ছেলে। আহত নারী রিনা বেগম (২৫) একই উপজেলার পিপলকরা এলাকার আবু সুফিয়ানের স্ত্রী। রিনাসহ অন্যান্য যাত্রীরা হাজীগঞ্জ থেকে সিএনজি স্কুটারে চাঁদপুর শহরের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
আহত রিনা বেগম জানান, ‘আমাদের স্কুটারটি তখন জোরে চলছিল। বিপরীত দিক থেকে আসা মুরগি বহনকারী ট্রলিটি দ্রুত বেগে এসে সজোরে ধাক্কা মারে। আমরা সবাই ছিটকে পড়ি। এর মধ্যে কিবরিয়া সড়কের উপরে পড়ে যান, কিন্তু ট্রলির সাথে মারাত্মক সংঘর্ষের কারণে তার শরীর থেকে মাথা আলাদা হয়ে যায়।’
বাকিলা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ফারুক হোসেন জানান, ঘটনার পর ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে সিএনজিচালিত স্কুটারের চালকও রয়েছেন। ট্রলি ও সিএনজি আটকা রাখা হয়েছে।
চেয়ারম্যান মিজানুর রহমান মিলন বলেন, ‘পানি সেচের শ্যালো ইঞ্জিন ব্যবহার করে স্থানীয়ভাবে তৈরি মুরগি বহনকারী ট্রলির সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে কিবরিয়ার মৃত্যু ঘটে। ঘটনাস্থল হৃদয়বিদারক ছিল।’
বিজ্ঞাপন
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মো. আব্দুর জব্বার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

