গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে স্বাধীনতা দিবসের কনসার্টকে কেন্দ্র করে ছাত্রদল নেতার হামলায় পাভেল (২৫) নামে এক কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর ৩টার দিকে কলেজ ছাত্র সংসদ কার্যালয়ের ভেতরে এই ঘটনা ঘটে। আহত পাভেল স্থানীয় ইটাহাটা এলাকার বদিউজ্জামান বদির ছেলে। তিনি ছাত্রদলের একজন সক্রিয় কর্মী।
বিজ্ঞাপন
আহতের প্রতিবেশী ইফতি জানান, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক কনসার্টকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব আবির চাইনিজ কুড়াল দিয়ে পাভেলের ওপর আক্রমণ করেন। এ সময় নিজেকে রক্ষা করতে গিয়ে পাভেলের হাতের রগ কেটে যায় এবং তিনি মাথায় গুরুতর আঘাত পান। সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
গাজীপুর মহানগর ছাত্রদলের সদস্য সচিব রোহানুজ্জামান শুক্কুর জানান, ‘আমি যতটুকু জেনেছি, হাতের রগ কাটার বিষয়টি সঠিক নয়। মূলত নারীঘটিত একটি বিষয় নিয়ে বিরোধের জেরে মোটরসাইকেলের চাবির আঘাতে পাভেল মাথা ও হাতে আঘাত পেয়েছেন।’
গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, ‘বৃহস্পতিবার দুপুরে বন্ধুদের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে মোটরসাইকেলের চাবির আঘাতে একজনের হাত জখম হয়েছে বলে শুনেছি। তবে রগ কাটার কোনো তথ্য আমাদের কাছে নেই।’
প্রতিনিধি/একেবি

