নেত্রকোনার মদন উপজেলায় বোরো ধানের জমিতে গরু ঢুকে ধান খাওয়ার প্রতিবাদ করায় বাচ্চু তালুকদার (৬০) নামের এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার নায়েকপুর হাওরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত বাচ্চু তালুকদার নায়েকপুর (পূর্বপাড়া) গ্রামের মৃত জাহেদ তালুকদারের ছেলে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ও শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত বাচ্চু তালুকদার পার্শ্ববর্তী মাখনা গ্রাম সংলগ্ন নায়েকপুর হাওরের একটি বন্ধকি জমিতে বোরো ধানের আবাদ করেছিলেন। ধান পেকে যাওয়ায় আর মাত্র কয়েকদিন পরই তা কেটে ঘরে তোলার কথা ছিল। কিন্তু গত কয়েকদিন ধরে মাখনা গ্রামের কিছু ব্যক্তির গরু নিয়মিত ওই জমির ধান খেয়ে আসছিল। এ নিয়ে বাচ্চু তালুকদার ইতোপূর্বে কয়েকবার গরু মালিকদের কাছে প্রতিবাদ জানালেও কোনো সমাধান হয়নি।
বৃহস্পতিবার বিকেলে তিনি জমিতে গিয়ে দেখেন, গরুতে তার ফসলের ব্যাপক ক্ষতি করেছে। এসময় তিনি চিৎকার করে ক্ষোভ প্রকাশ করলে মাখনা গ্রামের করিল ইসলামসহ স্থানীয় কয়েকজন ঘটনাস্থলে আসেন। একপর্যায়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এর একপর্যায়ে করিল ইসলাম ও তার সঙ্গীরা লাঠিসোঁটা নিয়ে বাচ্চু তালুকদারের ওপর অতর্কিত হামলা চালায়। মাথায় ও শরীরে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এবং সেখানেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে মদন থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা এলাকা ছেড়ে আত্মগোপন করেছে।
বিজ্ঞাপন
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগের ভিত্তিতে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঘাতকদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
প্রতিনিধি/একেবি

