বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ঢাকা

মহান স্বাধীনতা দিবসে যশোরে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬, ০৩:৩৫ পিএম

শেয়ার করুন:

মহান স্বাধীনতা দিবসে যশোরে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে যশোরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে খতমে কোরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে ইসলামিক ফাউন্ডেশন যশোরের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে স্বাধীনতার চেতনা, দেশের উন্নয়ন ও সমৃদ্ধি এবং জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরেন বক্তারা।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন। তিনি বলেন, মহান স্বাধীনতা দিবস আমাদের জাতীয় জীবনে এক গৌরবময় অধ্যায়। স্বাধীনতার এই অর্জন রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে টেকসই করতে হলে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে।

ইসলামিক ফাউন্ডেশন যশোরের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিল্লাল বিন কাশেম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতার মূল লক্ষ্য ছিল একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্য অর্জনে ধর্মীয় মূল্যবোধ ও মানবিকতার চর্চা অপরিহার্য। তিনি সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানবকল্যাণে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, স্বাধীনতার প্রকৃত তাৎপর্য উপলব্ধি করতে হলে আমাদের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে সচেতন হতে হবে। নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এছাড়াও বক্তব্য রাখেন মাওলানা আশরাখ আলী, মো. মাসুম বিল্লাহ প্রমুখ। বক্তারা বলেন, স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে হলে সামাজিক ন্যায়বিচার, শিক্ষা ও নৈতিকতার বিকাশ অপরিহার্য। তারা দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


বিজ্ঞাপন


অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন খতম অনুষ্ঠিত হয়। এতে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়। আলোচনা পর্ব শেষে দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও স্থায়ী শান্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন যশোর মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানা মঈনুদ্দিন।

দোয়া মাহফিলে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং দেশকে একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য মহান আল্লাহর নিকট প্রার্থনা জানানো হয়।

অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পুরো আয়োজনটি ছিল ভাবগম্ভীর ও ধর্মীয় আবহে পরিপূর্ণ, যা উপস্থিত সবার মাঝে দেশপ্রেম ও আধ্যাত্মিকতার এক অনন্য অনুভূতি সৃষ্টি করে।

প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর