কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্য আরেকটি মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার বরইতলি ইউনিয়নের বানিয়ারছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ মো. আরিফুল আমিন।
স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ‘লাল সবুজ পরিবহন’ এর একটি বাস দ্রুত ও বেপরোয়া গতিতে চলছিল। ভোরে বানিয়ারছড়া এলাকায় পৌঁছালে বাসটি একই লেনে থাকা দুটি মোটরসাইকেলকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে একটি মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন এবং আরেকটি মোটরসাইকেলের একজন আরোহী গুরুতর আহত হন।
নিহতরা হলেন— ঢাকার উত্তরখান আটিপাড়া এলাকার শহীদ ভূঁইয়ার ছেলে শরিফুল ইসলাম (৩০) এবং একই এলাকার অলিউল ইসলামের ছেলে রাইসুল ইসলাম শিশির (৩০)। আহত ব্যক্তিকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে আহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
দুর্ঘটনার পর স্থানীয়রা পুলিশকে খবর দিলে চিরিংগা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিজ্ঞাপন
চিরিংগা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত অন্য মোটরসাইকেল আরোহী ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধি/এজে

