গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মোত্তালেব শেখ নামের এক ব্যক্তির জমি জোরপূর্বক দখল চেষ্টাসহ হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
এ বিষয়ে বুধবার (২৫ মার্চ) বিকেলে সাদুল্লাপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী মোত্তালেব শেখ।
বিজ্ঞাপন
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বনগ্রাম ইউনিয়নের কিশামত শেরপুর গ্রামের মৃত আঙুর মণ্ডলের ছেলে সাইফুল ইসলাম ছবু গংদের সঙ্গে একই গ্রামের মৃত নছির উদ্দিনের শেখের ছেলে মোত্তালেব শেখের জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই এক পর্যায়ে গত ২২ মার্চ সকালের দিকে ছবু মন্ডল ও তার ছেলে নাইমুল ইসলাম রিদম দলবদ্ধ হয়ে মোতালেব শেখের বাড়িতে হামলা করেন। এ সময় মোত্তালেব শেখের গাছপালা কেটে ফেলে ঘরের আসবাবপত্র ভাঙচুর করেছে। একইসঙ্গে গৃহপালিত দুটি গরু ও স্বর্ণালংকার লুট করে হামালকারীরা। এসময় বাধা দিতে গিয়ে মোতালেব শেখের ছেলে মোজাম্মেল শেখকে শ্বাসরোধে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী মোত্তালেব শেখ বলেন, প্রতিপক্ষ নাইমুল ইসলাম রিদম গংরা যখন আমাদের ওপর হামলা করে তখন জরুরি সেবা ৯৯৯ নম্বর কল দিয়েও কোনো সহায়তা পাওয়া যায়নি। হামলাকারী নাইমুল ইসলাম রিদম একজন ফ্যাসিস্ট আওয়ামী ছাত্রলীগের সক্রিয় সদস্য। এখন তাদের হুমকিতে আমরা পালিয়ে বেড়াচ্ছি।
এ বিষয়ে অভিযুক্ত নাইমুল ইসলাম রিদমের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই, আমার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো মিথ্যা বলে ফোন কেটে দেন।
বিজ্ঞাপন
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, হামলাসংক্রান্ত অভিযোগটি হয়ত ডিউটি অফিসারকে দিয়েছেন। অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস

