গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় হিরা বেগম (২৫) ও মুকুল মিয়া (৪০) নামের দুইজন নিহত হয়েছেন।
বুধবার (২৫ মার্চ) সাদুল্লাপুরের মাদারগঞ্জ সড়ক ও নলডাঙ্গা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত হিরা বেগম উপজেলার দামোদরপুর ইউনিয়নের কিশামত দশলিয়া গ্রামের আব্দুল হামিদ মিয়ার স্ত্রী ও মুকুল মিয়া কামারপাড়া ইউনিয়নের খামার বাগচি (পাকারমাথা) গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে।
স্বজনরা জানায়, বুধবার সন্ধ্যা ৭টার দিকে হিরা বেগম কামারপাড়া এলাকার এক বিয়ের অনুষ্ঠান থেকে অটোরিকশাযোগে বাড়িতে ফিরছিলেন। এরই মধ্যে কান্তনগরের রানুর মোড়ে পৌঁছালে একটি চলন্ত মোটরসাইকেলের সংঘর্ষে হয়। এতে অটোরিকশা থেকে ছিটকে পড়ে হিরা বেগম ঘটনাস্থলে মারা গেছেন।
অপরদিকে, বুধবার দুপুরের দিকে মুকুল মিয়া মোটরসাইকেলযোগে মাদারগঞ্জের দিকে যাচ্ছিলেন। এসময় একটি অটোরিকশাকে সাইড দিয়ে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে মুকুল মিয়ার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন কামারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এআরএম মাহফুজার রহমান। তিনি বলেন, এ ধরনের ঘটনা খুবই বেদনাদায়ক।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
প্রতিনিধি/এসএস

