সুন্দরবনের কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর প্রধান সহযোগী রবিউল ইসলামকে(৪১) অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড।
বুধবার (২৫ মার্চ) দুপুরে সুন্দরবনের শিবসা নদীর কুমারখালি খাল সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড।
বিজ্ঞাপন
অভিযানে ১টি একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা কার্তুজ ও ১ রাউন্ড ফাঁকা কার্তুজসহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর প্রধান সহযোগী রবিউল ইসলামকে আটক করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন, সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃত ডাকাত রবিউল ইসলাম খুলনা জেলার পাইকগাছা থানার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ আসাবুর বাহিনীর হয়ে ডাকাতি এবং চাঁদাবাজি করে আসছিলো।
লে. কমান্ডার বিএন, সাব্বির আলম সুজন জানান, সুন্দরবনের কুখ্যাত ডাকাত প্রধান আসাবুর মোবাইল ফোনের মাধ্যমে জেলেদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছে এবং চাঁদা সংগ্রহের জন্য তার প্রধান সহযোগী রবিউল ইসলামকে অস্ত্রসহ সুন্দরবনে প্রেরণ করেছে। এমন গোপন সংবাদের কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান কর্তৃক সুন্দরবনের শিবসা নদীর কুমারখালি খাল সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১টি একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা কার্তুজ ও ১ রাউন্ড ফাঁকা কার্তুজসহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর প্রধান সহযোগী রবিউল ইসলামকে আটক করা হয়।
বিজ্ঞাপন
জব্দকৃত আলামত ও আটককৃত ডাকাতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও জানান, দস্যু দমনে ও সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/ এজে

