মাদারীপুরের শিবচরে মানসিক ভারসাম্যহীন এক নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জায়েদ হোসেন (১৮) নামে এক যুবককে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। পরে শিবচর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় শিবচরের পাঁচ্চর ইউনিয়নের গোয়ালকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। তবে মানসিক প্রতিবন্ধী ওই নারীর খোঁজ ও পরিচয় এখনো পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
জানা গেছে, মঙ্গলবার বিকেলে শিবচর উপজেলার গোয়ালকান্দা এলাকার পরিত্যক্ত একটি বাড়ির ছাদে এক মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ চেষ্টা করে বলে অভিযোগ উঠে জায়েদ নামের এক যুবকের বিরুদ্ধে। মানসিক ভারসাম্যহীন নারীর সাথে আপত্তিকর একটি ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ পায়। এ ঘটনাকে কেন্দ্র করে রাতে স্থানীয়রা ওই যুবককে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত যুবকের বাড়িতেও হামলা চালায় বলে খবর পাওয়া গেছে। তবে, ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিটি কবের সেটাও জানা যায়নি।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবক জায়েদ ফেসবুকে পেইজ তৈরি করে স্থানীয় সংবাদ পরিবেশন করতো। নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিত। রাজনৈতিক-অরাজনৈতিক নানা অনুষ্ঠানে উপস্থিত থেকে নিজের ফেসবুক পেইজে ভিডিও প্রকাশ করতো। স্থানীয় অনেকেই তাকে সাংবাদিক হিসেবে চেনে। তবে মঙ্গলবার সন্ধ্যায় ঠিক কী ঘটেছিল এ সম্পর্কে বিস্তারিত জানাতে পারেনি স্থানীয়রা। এক মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের চেষ্টা করে মর্মে আশেপাশের লোকজন বিষয়টি জানতে পেরে অভিযুক্ত যুবককে মারধর করে!'
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একটি সূত্র জানায়,'পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় একটি পক্ষ এই ঘটনা ঘটিয়েছে। অভিযুক্ত জায়েদ ফেসবুক পেইজ খুলে অনেকের নামে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াতো বলেও অভিযোগ রয়েছে। ধারণা করা হচ্ছে, এসব ঘটনার জেরে প্রতিপক্ষের লোকজন মব সৃষ্টি করে মারধর করেছে পরে পুলিশে দিয়েছে।'
বিজ্ঞাপন
অভিযুক্ত জায়েদের চাচা মো. লাভলু জানান, আসলে স্থানীয় এক পাগলীকে নিয়ে জায়েদের সঙ্গে ছবি তুলে ওরই পরিচিত কয়েকজন যুবক। এই ঘটনা নিয়ে পূর্ব শত্রুতার জেরে রাতে জায়েদের নানাবাড়ি গিয়ে ওকেসহ ওর মামী ও পরিবারের নারী সদস্যদের বেদম মারধর করে। পরে পাশেই জায়েদের বাবার বাড়িতেও হামলা করে ভাঙচুর করে। মব সৃষ্টি করে কমপক্ষে দেড় শতাধিক লোকজন এই ঘটনা ঘটায়। আমরা থানায় অভিযোগ দিয়েছি। জায়েদ অন্যায় করলে ওর শাস্তি হোক। কিন্তু বাড়িঘর ভাঙচুরসহ পরিবারের অন্য সদস্যদের কেন মারধর করল?
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন সেরনিয়াবাত জানান, অভিযুক্ত যুবক জায়েদকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে, ভুক্তভোগী মানসিক ভারসাম্যহীন নারীটিকে এখনও খুঁজে পাওয়া যায়নি। পুলিশ ওই নারীকে উদ্ধারের জন্য তল্লাশি চালাচ্ছে।
প্রতিনিধি/এসএস

