নীলফামারীতে ট্রেনের নিচে কাটা পড়ে আতিকুল ইসলাম ওরফে ভোলা (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ মার্চ) সকালে সদর উপজেলার শখের বাজার এলাকায় খুলনাগামী ‘রূপসা এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়েন তিনি। নিহত আতিকুল কিসামত চড়াইখোলা এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে।
বিজ্ঞাপন
পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীরা জানান, আতিকুল ইসলাম মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তার চিকিৎসা চললেও অবস্থার তেমন উন্নতি হয়নি। তিনি প্রায়ই বাড়ি থেকে বের হয়ে আবার ফিরে আসতেন। আজ ভোরে ফজরের নামাজ আদায়ের কথা বলে তিনি বাড়ি থেকে বের হন। নামাজ শেষে শখের বাজার এলাকায় রেললাইনের পাশে ঘোরাফেরা করার সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
প্রতিনিধি/একেবি

