রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে একটি ধানখেত থেকে রবি (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নতুনপাড়া এলাকার একটি ধানখেত থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
নিহত রবি দৌলতদিয়া যৌনপল্লীর বাসিন্দা সেন্টুর ছেলে বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে স্থানীয় কৃষকরা ধানখেতে কাজ করতে গিয়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন শেষে পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
স্থানীয়দের ধারণা, রাতের কোনো এক সময়ে ধানখেতে সেচ কাজের জন্য ব্যবহৃত বৈদ্যুতিক মোটরের তার চুরি করতে গিয়ে রবি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং সেখানেই তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। তবে এটি দুর্ঘটনা নাকি অন্য কিছু, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।
প্রতিনিধি/এসএস

