মাদারীপুরের কালকিনিতে ইজিবাইক উল্টে খাদে পড়ে চান মিয়া (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের স্ত্রী, মেয়ে, চালকসহ আরও ৪ জন। আহতদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় কালকিনি উপজেলার নীলমনি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয়রা জানায়, কালকিনি উপজেলার উত্তর উরারচর এলাকা থেকে বাঁশগাড়ির উদ্দেশ্যে আসার পথে নীলমনি ব্রিজ পার হওয়ার সময় ইজিবাইক চালক মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটি উল্টে খাদে পড়ে যায়। এতে চাঁন মিয়া, তার স্ত্রী, মেয়েসহ ৫ জন আহত হন।

স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চাঁন মিয়াকে মৃত ঘোষণা করেন। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। নিহত চাঁন মিয়া উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের মাঝেরচর কান্দি গ্রামের নায়েব আলী বেপারীর ছেলে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

