মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় শ্রীনগর-দোহার আন্তঃসড়কে যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে রোমান (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের আরো দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল ৩টার দিকে শ্রীনগর উপজেলার কামারগাঁও পাকা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে দোহারগামী দ্রুতগতির আরাম পরিবহনের বাসটি কামারগাঁও স্থানে শ্রীনগরগামী মোটরসাইকেলকে ধাক্কা দেয়। সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক রোমান ঘটনাস্থলেই মারা যায়। এ সময় মোটরসাইকেলে থাকা জুবায়ের (১৮) এবং হাবিব (১৮) গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তিনজনকেই উদ্ধার করে সিএনজি ও পিকআপযোগে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোমানকে মৃত ঘোষণা করেন। আহত দু’জনের অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহত রোমান শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের কেয়টখালী এলাকার তোতা মিয়ারের ছেলে। আহত জুবায়ের ও হাবিব উভয়েই মধ্য বাঘড়া এলাকার বাসিন্দা।
শ্রীনগর থানার এসআই রিপন মিয়া জানিয়েছেন, বাসটি আটক করা হয়েছে এবং ঘটনার প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এজে

