যশোর-৬ (কেশবপুর) আসনে জামায়াতের সংসদ সদস্য মো. মোক্তার আলীকে গালিগালাজ করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে কেশবপুর শহর থেকে ‘মদ্যপ অবস্থায়’ আটক করা হয়। পরে এ ঘটনায় করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিজ্ঞাপন
গ্রেফতার যুবকের নাম নাঈম হোসেন (৩৭)। তিনি খুলনা শহরের নিরালা এলাকার চান শরীফের ছেলে। গ্রেফতারের সময় তার গাড়ি থেকে ১০ গ্রাম গাঁজা ও এক বোতল মদ জব্দ করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে কেশবপুরের প্রাণিসম্পদ হাসপাতালের সামনে সড়কের পাশে গাড়ি রেখে ওষুধ কিনছিলেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য মোক্তার আলী। তখন সড়কের বিপরীত দিক থেকে গাড়ি নিয়ে আসছিলেন নাঈম হোসেন নামের ওই যুবক। সংসদ সদস্য ওষুধ কিনে তার গাড়ির পাশে আসামাত্র ওই যুবক ‘মদ্যপ অবস্থায়’ তাকে গালিগালাজ শুরু করেন। এ সময় স্থানীয় লোকজন প্রতিবাদ করলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন যুবক। পরে সংসদ সদস্যের অনুসারীরা শহরের জামে মসজিদ এলাকায় ওই যুবকের গাড়ি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। তার গাড়ি তল্লাশি করে ১০ গ্রাম গাঁজা ও এক বোতল মদ উদ্ধার করে পুলিশ। পাশাপাশি আটক করে থানায় নেওয়া হয়।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন, ‘মদ্যপ অবস্থায় ওই যুবককে আটক করা হয়। পরে গাড়িতেও মাদক পাওয়া যায়। এ ঘটনায় মামলা দিয়ে মঙ্গলবার সকালে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’
প্রতিনিধি/ এজে

