মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ঢাকা

চাঁপাইনবাবগঞ্জে শালিস বৈঠকে সংঘর্ষ, অর্ধশত ককটেল বিস্ফোরণ

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ০৫:১৮ পিএম

শেয়ার করুন:

চাঁপাইনবাবগঞ্জে শালিস বৈঠকে সংঘর্ষ, অর্ধশত ককটেল বিস্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের কুথালিপাড়া গ্রামে শালিস বৈঠককে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটেছে। এ ঘটনায় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ও বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কয়েকটি বসতবাড়িতে লুটপাটের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সংঘর্ষ চলে। পরে দুপুর ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের বিরোধের জেরে শালিস বৈঠক ডাকা হয়। বৈঠক চলাকালে রানিহাটি ইউনিয়নের চেয়ারম্যান রহমত আলীর সমর্থক ও স্থানীয় সাবেক চাঁন্দ মেম্বারের লোকজনের মধ্যে কথা কাটাকাটি থেকে উত্তেজনা সৃষ্টি হয়ে সংঘর্ষে রূপ নেয়।

এসময় উভয়পক্ষ একে অপরকে লক্ষ্য করে অর্ধশতাধিক ককটেল নিক্ষেপ করে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আতঙ্কে সাধারণ মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মোজাফফর নামে এক ব্যক্তি আহত হয়েছেন।

এ বিষয়ে জানতে রানিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমত আলী বলেন, আমি সালিশি বৈঠকে পৌছা মাত্র একাধিক ককটেল বিস্ফোরণ ঘটালে প্রাণ রক্ষাতে চলে এসেছি। তারপর সেখানে কি ঘটেছে বলতে পারব না।


বিজ্ঞাপন


চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর