অপরাধ দমনে সোমবার (২৩ মার্চ) থেকে নাটোরের লালপুরে হটলাইন চালু করার নির্দেশ দিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল।
লালপুর উপজেলা পরিষদ সভাকক্ষে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ঈদ পরবর্তী পুনর্মিলনী ও মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এ নির্দেশ দেন।
বিজ্ঞাপন
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রতিমন্ত্রীর সঙ্গে সব দফতরের কর্মকর্তারা স্বতঃস্ফূর্ত মতামত ব্যক্ত করেন। প্রতিমন্ত্রী সব দফতরের কার্যক্রম মনোযোগ দিয়ে শুনে বিভিন্ন দিক নির্দেশনা দেন। সেই সঙ্গে নিম্নোক্ত বিষয়সমূহ বাস্তবায়নের নির্দেশ দেন।
লালপুর উপজেলার সব স্থানের মাদক কেনা-বেচা বন্ধ করতে হবে, পদ্মা নদীতে ইজারার বাইরে যে কোনো জায়গা হতে বালি উত্তোলন এবং অবৈধ মাটি কাটা বন্ধ করতে হবে। লালপুর উপজেলায় যাতে ধর্ষণের কোনো ঘটনা না ঘটে সে বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেই সঙ্গে লালপুরে বিদ্যমান ইমো হ্যাকিং বন্ধের কার্যকর ব্যবস্থা গ্রহণ নির্দেশ প্রদান করেন।
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ বলেন, এসব বিষয়ে অপরাধ দমনে আজ মঙ্গলবার একটি হটলাইন খুলে সমগ্র উপজেলায় ব্যাপক প্রচারের ব্যবস্থা গ্রহণ করার জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশনা প্রদান করেছেন প্রতিমন্ত্রী।
বিজ্ঞাপন
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) মো. আবীর হোসেন, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ছিদ্দিক আলী মিষ্টু, ঈশ্বরদী ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু, বিএনপি নেতা হামিদুর রহমান বাবুসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তারা।
প্রতিনিধি/এসএস

