বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

‘জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকার ১৮০ ডিগ্রি ঘুরে গেছে’

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ২৩ মার্চ ২০২৬, ০৮:০১ পিএম

শেয়ার করুন:

‘জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকার ১৮০ ডিগ্রি ঘুরে গেছে’
কক্সবাজার বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ছবি- প্রতিনিধি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে বর্তমান সরকার তথা বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছে বলে অভিযোগ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের। 

সোমবার (২৩ মার্চ) দুপুর ২টার দিকে কক্সবাজার বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন। 

এদিন সাংগঠনিক সফরে কক্সবাজারে আসেন গোলাম পরওয়ার। এসময় তিনি দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সরকারের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন।

গোলাম পরওয়ার বলেন, ‘সহস্রাধিক প্রাণ আর হাজারো মানুষের পঙ্গুত্বের বিনিময়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম, সরকার গঠনের পর তার প্রতিফলন দেখা যাচ্ছে না। বিশেষ করে বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের যে অঙ্গীকার করেছিল, এখন তারা সেখান থেকে সরে এসে ভিন্ন পথে হাঁটছে।’ 

তিনি অভিযোগ করেন, ‘জুলাই সনদকে চ্যালেঞ্জ না করার প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও পরোক্ষভাবে আদালতে রিট করে বিষয়টিকে বিচারাধীন (সাব-জুডিস) করা হয়েছে। সরকারের পরোক্ষ মদদে এটি করা হয়েছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। একদিকে জনগণের কথা বলা, অন্যদিকে নেপথ্যে ভিন্ন কৌশল নেওয়া—একে দ্বিচারিতাই বলা যায়।’

গণভোটের প্রসঙ্গ টেনে জামায়াতের এই নেতা বলেন, ‘জাতীয় নির্বাচনে প্রাপ্ত ভোটের চেয়েও গণভোটের পক্ষে জনসমর্থন বেশি ছিল। আইন মানুষের জন্য, মানুষ আইনের জন্য নয়। তাই পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে জুলাই সনদকে অস্বীকার করা গণতন্ত্রকামী দলের কাজ হতে পারে না।’

বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে সরকারকে সুনির্দিষ্ট প্রস্তাবও দেন তিনি। বলেন, ‘সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে হবে এবং জুলাই জাতীয় সনদকে প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করতে হবে। এটাই এখন সংকট নিরসনের একমাত্র পথ।’

জামায়াত নেতা সতর্ক করে বলেন, ‘সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে সমাধান পার্লামেন্টে করবে, নাকি জনগণকে আবারও রাজপথের আন্দোলনে ঠেলে দেবে।’ 

একই সঙ্গে তিনি উল্লেখ করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি দায়িত্বশীল বিরোধী দল হিসেবে সংসদ ও রাজপথ উভয় ক্ষেত্রেই জনগণের পক্ষে ভূমিকা পালন করবে।

এর আগে কক্সবাজার জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিমানবন্দরে উপস্থিত থেকে মিয়া গোলাম পরওয়ারকে স্বাগত জানান।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর