সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ঢাকা

শিশুর লাশ নিয়ে মায়ের মানববন্ধন

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ২৩ মার্চ ২০২৬, ০৬:০৮ পিএম

শেয়ার করুন:

শিশুর লাশ নিয়ে মায়ের মানববন্ধন

ঝালকাঠি সদর উপজেলায় ১৩ মাস বয়সি শিশু জেসমিনের লাশ নিয়ে মানববন্ধন করেছেন তার মা লিয়া মনি। 

সোমবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের পূর্ব ভাওতিতা সড়কে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয়রা অংশ নিয়ে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


বিজ্ঞাপন


মানববন্ধনে বক্তারা জানান, ২০২১ সালে একই এলাকার হৃদয় বেপারির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান লিয়া মনি। একপর্যায়ে ওই সম্পর্কের ধারাবাহিকতায় তিনি গর্ভবতী হন। ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি বরিশালের শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একটি কন্যা সন্তানের জন্ম দেন তিনি। সন্তান জন্মের পর বিয়ের আশ্বাস দেন হৃদয় ব্যাপারী।

অভিযোগ রয়েছে, ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে নবজাতক শিশুটিকে কৌশলে নিয়ে পালিয়ে যান হৃদয় বেপারি। পরে শিশুটিকে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যান তিনি। পরবর্তীতে এক ভিক্ষুক শিশুটিকে উদ্ধার করে পুলিশের মাধ্যমে একটি চাইল্ড হোমে পাঠান।

ঘটনার বিষয়ে জানতে পেরে লিয়া মনি চাইল্ড হোমে যোগাযোগ করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও ডিএনএ পরীক্ষার পর চলতি বছরের ৯ মার্চ তিনি শিশুটিকে নিজের কাছে ফিরে পান। তবে তখন শিশুটি অসুস্থ ছিল। পরে তাকে পুনরায় শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে শিশুটির মৃত্যু হয়।

মানববন্ধন থেকে শিশুটির মৃত্যুর জন্য হৃদয় বেপারিকে দায়ী করে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করা হয়।


বিজ্ঞাপন


এদিকে, অভিযুক্ত হৃদয় বেপারীর বাবা আবুল বেপারী তার ছেলের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহম্মেদ বলেন, ধর্ষণের অভিযোগে একটি মামলা হয়েছে। আসামি পলাতক রয়েছে, তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত ৯ মার্চ লিয়া মনি বাদী হয়ে হৃদয় বেপারীসহ তিনজনের বিরুদ্ধে ঝালকাঠি সদর থানায় একটি মামলা দায়ের করেন।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর