পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অতিরিক্ত ভাড়া আদায় ও নির্ধারিত ভাড়ার চার্ট প্রদর্শন না করার অভিযোগে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
রোববার (২২ মার্চ) দুপুরে পরিচালিত এ অভিযানে ইমাদ পরিবহন ও পালকি পরিবহনকে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
বিজ্ঞাপন
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) উজ্জ্বল হালদার। এ সময় ভাণ্ডারিয়া সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মো. জাফরসহ তার সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে এই জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) উজ্জ্বল হালদার জানান, ঈদকে কেন্দ্র করে কিছু পরিবহন যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে এবং নির্ধারিত ভাড়ার চার্ট প্রদর্শন করছে না। এ ধরনের অনিয়ম প্রতিরোধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে। যাত্রীদের ভোগান্তি কমাতে এবং সুষ্ঠু পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

