কক্সবাজারের পেকুয়া উপজেলায় আতিক উল্লাহ (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রেমঘটিত কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার (২২ মার্চ) ভোররাতে উপজেলার মগনামা ইউনিয়নের কালারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত মুহাম্মদ আতিক উল্লাহ ওই এলাকার নজির আহমদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিজ বসতঘরের ভেতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন আতিক উল্লাহ। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, স্থানীয় এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়াকে কেন্দ্র করে হতাশাগ্রস্ত হয়ে তিনি এ পথ বেছে নিতে পারেন। তবে আত্মহত্যার সঠিক কারণ জানতে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম বলেন, ঘটনাটি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত আছে।
প্রতিনিধি/এসএস

