সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ঢাকা

যশোরে র‌্যাবের হাতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ২২ মার্চ ২০২৬, ১০:৫৩ পিএম

শেয়ার করুন:

যশোরে র‌্যাবের হাতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

দীর্ঘ দেড় দশক ধরে ছদ্মবেশে পলাতক থেকেও শেষ রক্ষা হলো না। জমিসংক্রান্ত বিরোধের জেরে আপন চাচার কোলের শিশুকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি খোকনকে (৩৮) গ্রেফতার করেছে র‍্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। 

রোববার (২২ মার্চ) দুপুরে যশোরের মনিরামপুর উপজেলার বাজুয়াটোলা গ্রামে এক শ্বাসরুদ্ধকর অভিযানে তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


গ্রেফতার খোকন ঢাকার দোহার থানার উত্তর মৌরা এলাকার ইসলাম মাদবরের ছেলে।

র‍্যাব সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, ঘটনার সূত্রপাত ২০০৮ সালে। ঢাকার দোহার এলাকায় জমিজমা নিয়ে পারিবারিক বিরোধের জেরে খোকন তার আপন চাচা মান্নান মাদবরের শিশু সন্তান নূর মোহাম্মদকে নির্মমভাবে হত্যা করেন। ওই নৃশংস ঘটনার পর দোহার থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাকে দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেন। তবে ঘটনার পরপরই খোকন এলাকা ছেড়ে নিরুদ্দেশ হয়ে যান।

পরিচয় গোপন করে ১৬ বছর আত্মগোপন র‍্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বী প্রিন্স জানান, গ্রেপ্তার এড়াতে খোকন গত ১৬ বছর ধরে দেশের বিভিন্ন জেলায় নাম ও পরিচয় গোপন করে অবস্থান করছিলেন। তিনি অত্যন্ত চতুরতার সাথে বারবার স্থান পরিবর্তন করতেন। তবে র‌্যাবের বিশেষ গোয়েন্দা দল তার অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তিনি মনিরামপুরের বাজুয়াটোলা গ্রামে তার ফুফাতো শ্যালক নাজমুলের বাড়িতে আত্মগোপন করে আছেন।

রোববার দুপুর ১টার দিকে র‍্যাবের একটি চৌকস দল ওই বাড়িতে অভিযান চালিয়ে খোকনকে গ্রেফতার করে। দীর্ঘ ১৬ বছর পর এই কুখ্যাত আসামির গ্রেফতারের খবরে সন্তোষ প্রকাশ করেছেন নিহতের পরিবার ও এলাকাবাসী। বর্তমানে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর