নোয়াখালীর কবিরহাট উপজেলায় গ্রাজুয়েটদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন গ্রাজুয়েটস সোসাইটি চাপরাশিরহাট জোনের সভাপতি হিসেবে মিজানুর রহমান শিহাব এবং সাধারণ সম্পাদক হিসেবে ডা. রাশেদুল হাসান রাকিব মনোনীত হয়েছেন।
শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতরের দিন বিকেলে চাপরাশিরহাট ইসমাইল ডিগ্রি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী ও প্রথম সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ আংশিক কমিটি গঠন করা হয়।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ফাউন্ডেশনের ডেপুটি ডিরেক্টর নুরুদ্দিন মহাদ্দেস। মো. ফখরুদ্দিনের সঞ্চালনায় এবং মো. আরিফিন আজাদ রবিনের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে নুরুদ্দিন মহাদ্দেসের প্রস্তাবনায় উপস্থিত সদস্যরা কমিটি গঠনের সিদ্ধান্ত নেন।
এতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী মিজানুর রহমান শিহাবকে সভাপতি এবং কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টিস্ট ডা. রাশেদুল হাসান রাকিবকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
অনুষ্ঠানে প্রায় শতাধিক গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট ও পিএইচডি গবেষক অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিসিএস ক্যাডার, ব্যাংকার, আইনজীবী, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলীসহ বিভিন্ন পেশাজীবী।
উল্লেখ্য, ‘গ্রাজুয়েটস সোসাইটি’ একটি অরাজনৈতিক, শিক্ষা ও সামাজিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংগঠন। চাপরাশিরহাট, চর ফকিরা, ধানশালিক ও চর কাঁকড়া ইউনিয়নের সমন্বয়ে গঠিত এ সংগঠনটি শিক্ষার প্রসার ও সামাজিক উন্নয়নে কাজ করার লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করছে।
বিজ্ঞাপন
সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয় এবং শিক্ষাবৃত্তি প্রদানসহ বিভিন্ন শিক্ষামূলক উদ্যোগ গ্রহণের প্রস্তাব গৃহীত হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম নোয়াখালী জেলাজুড়ে বিস্তৃত করা হবে এবং শিক্ষিত সমাজকে একত্রিত করে একটি কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তোলা হবে।
/এএস

