কক্সবাজারের টেকনাফে শাহপরীর দ্বীপ–হারিয়াখালী সড়কে পর্যটকবাহী জিপ গাড়ির সঙ্গে সংঘর্ষে আনিসুর রহমান (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার (২২ মার্চ) বিকেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত আনিসুর রহমান টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকার বকসু মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, আগামী মাসে তার বিয়ের কথা ছিল।
প্রত্যক্ষদর্শী মুজিবুর রহমান জানান, সড়কে লবণাক্ত পানি পড়ে পিচ্ছিল হয়ে থাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বিপরীত দিক থেকে আসা পর্যটকবাহী জিপ গাড়ির সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যান আনিসুর রহমান।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শাহপরীর দ্বীপ এলাকায় মৌসুমে বিপুল পরিমাণ লবণ উৎপাদন হয়। এসব লবণ ট্রাকে করে পরিবহনের সময় নিয়ম অনুযায়ী জিওটেক্স ব্যবহার না করায় সড়কে লবণের পানি ও কাঁচা মাটি পড়ে যায়। ফলে সড়ক পিচ্ছিল হয়ে মারাত্মক দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে বলে তারা জানান। নতুন সড়ক চালুর পর যান চলাচল বৃদ্ধি পেলেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার না হওয়ায় দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত জিপ গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এজে

