বরগুনায় একটি ইকোনমিক জোন প্রতিষ্ঠা করা গেলে কর্মসংস্থান সৃষ্টি, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং সার্বিক অর্থনৈতিক কাঠামোয় আমূল পরিবর্তন আসবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নুরুল ইসলাম মণি। এতে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং স্থানীয় অর্থনীতি আরৃও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রোববার (২২ মার্চ) সকাল ১১টায় বরগুনার ক্রোক এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
চিফ হুইপ বলেন, ‘পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে বর্তমান সরকার বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের অন্যতম নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন করছে।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ৩২ লাখ কোটি টাকা পাচার করেছে, যা দিয়ে দেশের সাতটি জাতীয় বাজেট প্রণয়ন করা যেত। অন্যদিকে বিএনপি সরকার দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে চায়, যাতে দেশের মানুষ বিদেশে কাজ করেও জাতীয় অর্থনীতিতে কার্যকর অবদান রাখতে পারে।’ দেশের সম্পদ বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
চিফ হুইপ বলেন, ‘বরগুনার সব খাল পর্যায়ক্রমে পুনঃখনন করা হবে।
খাল খননের ফলে কৃষিতে নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে। কৃষকরা এক ফসলি জমিতে তিন ফসল ফলাতে পারবেন, যা কৃষি উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিকল্পিত উন্নয়ন ও জলবায়ু সহনশীল প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বরগুনাকে একটি সম্ভাবনাময় অর্থনৈতিক অঞ্চলে রূপান্তর করা সম্ভব। এ অঞ্চলের যুবসমাজকে এমনভাবে গড়ে তোলা হবে যাতে তারা স্বাবলম্বী হয়ে দেশের উন্নয়নে নেতৃত্ব দিতে পারে।
বিজ্ঞাপন
খাল খনন উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা ওলি উল্লাহ, জেলা প্রশাসক তাছলিমা আক্তার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আবদুল হান্নান প্রধান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল হক মাস্টার, সদস্যসচিব হুমায়ুন হাসান শাহীন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কে এম শফিকুজ্জামান মাহফুজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
প্রতিনিধি/ এজে

