রোববার, ২২ মার্চ, ২০২৬, ঢাকা

গায়ে হলুদের দিন সড়কে প্রাণ গেল যুবকের, বিয়েবাড়িতে আহাজারি

জেলা প্রতিনিধি, পাবনা
প্রকাশিত: ২২ মার্চ ২০২৬, ০৫:২৪ পিএম

শেয়ার করুন:

বিয়েবাড়িতে আহাজারি, গায়ে হলুদের দিন সড়কে প্রাণ গেলো যুবকের

বিয়েবাড়িতে আনন্দের বদলে চলছে আহাজারি। আজ (রোববার) সন্ধ্যায় হওয়ার কথা ছিল গায়ে হলুদের অনুষ্ঠান। সোমবার ছিল বউভাতের আনুষ্ঠানিকতা। সাজসজ্জা ও আয়োজন চলছে গোটা বাড়িতে। সেই মুহূর্তে জানা গেল বর জুলফিকার জিল্লু (২৭) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

রোববার (২২ মার্চ) সকাল ৮টায় পাবনা-নাটোর মহাসড়কের নাটোরের গড়মাটি কলোনি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত জুলফিকার জিল্লু পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামের আনসারুল হকের সন্তান। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জুলফিকার সকালে পাবনার দাশুড়িয়া থেকে প্রাইভেটকার চালিয়ে নাটোরের বনপাড়ার দিকে যাচ্ছিলেন। সেখানে অপেক্ষমাণ বোন ও দুলাভাইকে নিয়ে আসার জন্য যাচ্ছিলেন তিনি। পথে গড়মাটি এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে ট্রাকের নিচে ঢুকে যায় এবং ঘটনাস্থলেই জুলফিকার নিহত হন। পরে খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বনপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর