লক্ষ্মীপুরে থানায় মারধরের অভিযোগ করায় ক্ষিপ্ত হয়ে আরমান হোসেন সুজন (৩১) নামে এক যুবককে পায়ের রগ কাটার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদলের বহিষ্কৃত সদস্য হুমায়ুন কবিরের বিরুদ্ধে।
শুক্রবার (২০ মার্চ) দুপুরে দত্তপাড়া ইউনিয়নের পুনিয়ানগর গ্রামে জুমআর নামাজ শেষে বাড়ি ফেরার পথে সুজনের ওপর হামলা চালানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন কররেও রাত ১০টা পর্যন্ত এ ঘটনায় কেউ থানায় কোন অভিযোগ করেনি। আহত আরমান নোয়াখালীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তিনি পুনিয়ানগর গ্রামের চৌধুরী বাড়ির মৃত আবুল হোসেনের ছেলে।
বিজ্ঞাপন
অভিযুক্ত হুমায়ুন সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের যুবদলের সাবেক নেতা ও পুনিয়ানগর গ্রামের ঠাকুর বাড়ির ফজলুল করিমের ছেলে। হুমায়ুনের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকান্ডে একাধিক অভিযোগ রয়েছে। এতে ২০২৪ সালের ৭ আগস্ট ইউনিয়ন যুবদলের সদস্য পদ থেকে তাকে বহিষ্কার করে জেলা যুবদল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ১৬ ফেব্রুয়ারি সকালে রাস্তার পাশে গাছের ডাল রাখাকে কেন্দ্র করে হুমায়ুনের সঙ্গে আরমানের কথা কাটাকাটি হয়। এর জের ধরে হুমায়ুন তাকে মারধর করে। বিষয়টি চন্দ্রগঞ্জ থানা বিএনপির নেতৃবৃন্দকে জানালে তারা আরমানকে আইনের আশ্রয় নিতে বলে। পরে আরমান বাদি হয়ে চন্দ্রগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ঘটনার দ’ুদিন পর হুমায়ুন দ্বিতীয় দফায় তাকে মারধর করে। ঘটনাটি শুক্রবার (২০ মার্চ) সকালে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে জানায় ভুক্তভোগী আরমান।
আরমানের স্বজনরা জানায়, থানায় অভিযোগ এবং মন্ত্রীকে বিষয়টি জানানের কারণে হুমায়ুন আরও ক্ষিপ্ত হয়। ঘটনার সময় হুমায়ুনের নেতৃত্বে ১০-১২ জন লোক আরমানের উপর পুনরায় আক্রমণ করে। হামলাকারীরা তাকে ইট দিয়ে পায়ে আঘাত করে এবং ছুরি দিয়ে ডান পায়ে আঘাত করে। এতে তার পায়ের রগ কাটা যায়। তাকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে গুরুতর হওয়ায় নোয়াখালীর হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।
এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল করিম বলেন, আরমান ও হুমায়ুনের মধ্যে পূর্ব বিরোধ রয়েছে। গাছের ডালপালা নিয়ে বিরোধ হলে হুমায়ুনের বিরুদ্ধে আরমান থানায় অভিযোগ করে। পরে হুমায়ুন জানিয়েছে আরমান নাকি তাকে মারধর করেছে। এখন আবার হুমায়ুন তার ওপর হামলা করেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এমএইচআর

