দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে চলতি বছর ১৫শত কিলোমিটার খাল খনন করা হবে। ৫ বছরে মোট ৭ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। খালগুলো খনন হলে যে বনায়ন করা হবে যার সুফলভোগী হবেন স্থানীয় হতদরিদ্ররা। তারা পানির মাছ ও বনায়নের লভ্যাংশ ভোগ করবেন। খালের উপরিভাগের পানিতে হবে কৃষি কাজ, মাছ চাষ ও পাড়ে বনায়ন করে দৃষ্টিনন্দন করা হবে।
বুধবার (১৮) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের বড়ুয়া খাল খননের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
ত্রাণমন্ত্রী বলেন, নির্বাচনি ইশতাহার ছিল, বিএনপি ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। সেই ইশতাহার বাস্তবায়নে সরকার ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রী নিজে কোদাল দিয়ে খাল কাটা কর্মসূচির উদ্বোধন করেছেন। তার উদ্বোধনের মাধ্যমে সারা দেশে খাল খনন শুরু হয়েছে।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে এ খাল খনন কর্মসূচি গ্রহণ করেছিলেন। তিনি নিজে সারা দেশে ঘুরে খাল খনন করেন। এটি মূলত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রকল্প। এসময় লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, পুলিশ সুপার আসাদুজ্জামানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/ এজে

