ঈদুল ফিতরকে সামনে রেখে দিনাজপুরের বিনোদন কেন্দ্রগুলোতে চলছে ব্যাপক প্রস্তুতি। প্রতিবছর এই সময়ে দিনাজপুরসহ আশপাশের এলাকার মানুষ ঈদ উদযাপন এবং আনন্দঘন মুহূর্ত কাটাতে এসব কেন্দ্র পরিদর্শন করেন।
বন্ধুবান্ধব, পরিবার-পরিজন বা প্রিয় মানুষকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়ান অনেকেই। তারা উপভোগ করেন ঈদের আনন্দ এবং দর্শন করেন দিনাজপুরের বিভিন্ন ঐতিহ্যবাহী স্থান। এবার ঈদুল ফিতরের সঙ্গে যুক্ত লম্বা ছুটি থাকায় বিশেষভাবে জমজমাট ও দর্শনার্থী সমাগম হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বিজ্ঞাপন

উৎসবকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ ইতোমধ্যেই বাড়তি নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে।
বছরের অন্যান্য দিনের তুলনায় প্রতি ঈদে রামসাগর জাতীয় উদ্যান, দ্যা গ্রান্ড দাদু বাড়ি রিসোর্ট অ্যান্ড পার্ক, জীবন মহল, রাজবাড়ি, নয়াবাদ মসজিদ, সুরা মসজিদ এবং স্বপ্নপুরীসহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়।

বিজ্ঞাপন
বিনোদন কেন্দ্রগুলো ইতোমধ্যেই শিশু-কিশোরদের জন্য প্রস্তুত করেছে বিভিন্ন রাইড, কিডস জোন।
সংশ্লিষ্টরা বলছেন, ঈদে বিপুলসংখ্যক দর্শনার্থীর কথা মাথায় রেখে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

জীবন মহলের স্বত্বাধিকারী জীবন চৌধুরী বলেন, পবিত্র ঈদকে ঘিরে জীবন মহলকে নতুন আঙ্গিকে সাজানো হয়েছে। এখানে এসে পরিবারের সবাইকে নিয়ে আনন্দঘন পরিবেশে ঈদের বিশেষ মুহূর্তগুলো উপভোগ করা যাবে। জীবন মহল আপনাদের জন্য নিয়ে এসেছে স্বাচ্ছন্দ্য, সৌন্দর্য ও আনন্দে ভরপুর এক অনন্য আয়োজন।

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আনোয়ার হোসেন বলেন, রামসাগর এলাকায় টুরিস্ট পুলিশের পাশাপাশি জেলা পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। দাদুর বাড়ি, জীবনমহলসহ সব পিকনিক স্পটের আশপাশে অতিরিক্ত পুলিশ ও ট্রাফিক পুলিশ মোতায়েন করা হবে। যেসব স্থানে বেশি মানুষের সমাগমের সম্ভাবনা রয়েছে, সেখানে বিশেষভাবে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। চুরি, পকেটমার ও ছিনতাই প্রতিরোধে বিশেষ টিম কাজ করবে। এছাড়া ঈদকে সামনে রেখে জেলার বিভিন্ন স্থানে সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত তথ্য সংগ্রহ করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায়।
প্রতিনিধি/এসএস

