মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ঢাকা

শেবাচিম হাসপাতালে অগ্নিকাণ্ড: স্থানান্তরকালে ২ রোগীর মৃত্যু

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ০৬:৪১ এএম

শেয়ার করুন:

শেবাচিম হাসপাতালে অগ্নিকাণ্ড: স্থানান্তরকালে ২ রোগীর মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে অগ্নিকাণ্ডের সময় অন্যত্রে সরিয়ে নেওয়ার পথে দুই রোগীর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১১টার দিকে হাসপাতালের মেডিসিন ভবনের একটি কক্ষে আগুন লাগলে এই ঘটনা ঘটে। মঙ্গলবার রাত দেড়টায় বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মামুন-অর-রশিদ।


বিজ্ঞাপন


নিহত ব্যক্তিরা হলেন স্ট্রোকের রোগী আবুল হোসেন হাওলাদার (৬০) এবং অর্থপেডিক বিভাগের রোগী কাজী আতাউর রহমান (৮০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হঠাৎ মেডিসিন ভবনের তৃতীয় তলায় আগুন দেখতে পাওয়া যায়। ঝোড়ো হাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করলে আতঙ্কিত স্বজনরা অসুস্থ রোগীদের নিয়ে দিকবিদিক ছুটোছুটি শুরু করেন। এ সময় হুড়োহুড়িতে বেশ কয়েকজন রোগীর শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সিগারেটের আগুন থেকে এই ঘটনার সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

ওসি মামুন জানান, মেডিসিন ভবনের পুরনো চিকিৎসা সরঞ্জাম রাখা একটি কক্ষে আগুন লাগে। রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার সময় ওই দুজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মানিকুজ্জামান বলেন, ‘আগুন এখন নিয়ন্ত্রণে। ধারণা করছি, জ্বলন্ত সিগারেট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। কিছু পুরনো চিকিৎসা সরঞ্জাম পুড়ে গেলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’


বিজ্ঞাপন


এ বিষয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীরের সাথে মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর