কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, দেশীয় অস্ত্র ও গোলাবারুদসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৬৪)। উদ্ধারকৃত ২০ হাজার পিস ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা।
আটক ব্যক্তির নাম মো. গোফুর (৩১)। তিনি উখিয়ার আঞ্জুমান পাড়া এলাকার বাসিন্দা।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৭ মার্চ) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।
বিজিবি জানায়, মঙ্গলবার বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী বিওপির একটি টহল দল ফাইসাখাল এলাকায় অবস্থান নেয়। বিকেল ৫টার দিকে মিয়ানমার থেকে নৌকাযোগে বাংলাদেশে প্রবেশের সময় এক সন্দেহভাজন ব্যক্তিকে চ্যালেঞ্জ করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে কেওড়া বাগানের ভেতর থেকে নৌকাসহ তাকে আটক করেন।
পরে নৌকায় তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় বন্দুক এবং ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন যে, তিনি মিয়ানমার থেকে এসব ইয়াবা ও অস্ত্র সংগ্রহ করে বাংলাদেশে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিলেন। বিজিবি জানিয়েছে, এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
বিজ্ঞাপন
উদ্ধারকৃত মাদক ও অস্ত্রসহ আটক ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রতিনিধি/একেবি

