বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১১টার দিকে হাসপাতালের মেডিসিন ভবনের পঞ্চম তলায় পুরাতন চিকিৎসা সামগ্রীর একটি গুদামে এই আগুন লাগে। এ সময় রোগী ও স্বজনদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা দিকবিদিক ছুটতে থাকেন। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বিজ্ঞাপন
সিগারেটের আগুন থেকে এই ঘটনার সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হঠাৎ মেডিসিন ভবনের ওই তলায় ধোঁয়া ও আগুন দেখতে পান তারা। প্রবল বাতাসে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার উপক্রম হলে অসুস্থ রোগীদের নিয়ে স্বজনরা হাসপাতালের বাইরে বেরিয়ে আসার চেষ্টা করেন।
বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মানিকুজ্জামান বলেন, ‘আগুন এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জ্বলন্ত সিগারেট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। কিছু পুরাতন চিকিৎসা সামগ্রী পুড়ে গেলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’
প্রতিনিধি/একেবি

