ফেনীতে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত ঐতিহাসিক মিজান ময়দানে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। ওই জামাতে ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি, পুলিশ সুপার মো. শফিকুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, প্রশাসনিক কর্মকর্তা ও জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেবেন।
এছাড়া ফেনী বড় জামে মসজিদে সকাল ৭টা ১৫ মিনিটে খতিব মুহাম্মদ সাইফুল্লাহর ইমামতিতে এবং সকাল ৭টা ৩০ মিনিটে ফেনী জহিরিয়া জামে মসজিদে মুফতি ইলিয়াসের ইমামতিতে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৮টায় ফেনী সার্কিট হাউজ জামে মসজিদে ইমামতি করবেন মো. ফরিদ উদ্দিন এবং একই সময়ে জিএ একাডেমি মাঠে ইমামতি করবেন গোলাম কিবরিয়া।
বিজ্ঞাপন
সকাল ৮টা ৩০ মিনিটে ফতেহপুরের জেলা মডেল মসজিদে মুফতি মোয়াজ্জম হোসেন এবং ফেনী সদর উপজেলা জামে মসজিদে খতিব আব্দুল্লাহিল মাশরুরের ইমামতিতে জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া ফেনীর পুলিশ লাইন্স জামে মসজিদে পৌনে ৯টায় মোহাম্মদ আবদুল্লাহর ইমামতিতে এবং পুরাতন রেজিস্ট্রি অফিস জামে মসজিদে পৌনে ৮টায় শেখ ফরিদ উদ্দিনের ইমামতিতে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশন ফেনীর উপ-পরিচালক মো. নাজমুস সাকিব বলেন, বিভিন্ন ঈদগাহ কমিটির সাথে আলোচনা করে পবিত্র ঈদুল ফিতরের জামাতের সময় নির্ধারণ ও ইমামদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, প্রধান জামাত মিজান ময়দানসহ সকল ঈদগাহ ও মসজিদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।
প্রতিনিধি/একেবি

