নেত্রকোনার কলমাকান্দায় বাজারের ঘর দখলকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য হোসেন আলীকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলার লেঙ্গুরা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাজমুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে জেলা ছাত্রদলের দফতর সম্পাদক আশরাফুল ইসলাম খান পাঠান (প্রান্ত) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি ও নৈতিক অবক্ষয়ের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই সংগঠনটি তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেয়। এ সিদ্ধান্ত অনুমোদন করেন জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীম।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নাজমুল ইসলামের ব্যক্তিগত অপকর্মের দায় কোনোভাবেই সংগঠন বহন করবে না। একই সঙ্গে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে সাধারণ জনগণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা লেঙ্গুরা ইউনিয়নের বটতলা বাজারে একটি ঘর দখলকে কেন্দ্র করে স্থানীয় ইউপি সদস্য হোসেন আলীর সঙ্গে নাজমুল ইসলামের বিরোধ সৃষ্টি হয়। এক সপ্তাহ আগে নাজমুল ইসলামের নেতৃত্বে ওই ঘর দখলের চেষ্টা করা হলে স্থানীয়দের বাধার মুখে তারা পিছু হটে। এ ঘটনার জেরে গতকাল সোমবার রাত ১১টার দিকে নাজমুল ইসলামের নেতৃত্বে কয়েকজন মিলে ইউপি সদস্য হোসেন আলীর ওপর হামলা চালায়। এসময় ধারালো অস্ত্রের কুপে হোসেন আলী গুরুতর জখম হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক হোসেন আলীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
তবে অভিযোগ অস্বীকার করে নাজমুল ইসলাম বলেন, এসব ঘটনায় তিনি জড়িত নন, তাকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। ইউপি সদস্য হোসেন আলীকে অন্যজন কুপিয়েছেন বলে দাবি করেন তিনি। এছাড়া স্থানীয় গ্রুপিং রাজনীতির শিকার বলেও দাবি করেন নাজমুল। দলীয় এমন সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেন তিনি।
বিজ্ঞাপন
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিক হোসেন বলেন, হামলায় গুরুতর আহত ইউপি সদস্য আলী হোসেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে এখনো কেউ অভিযোগ লিখিত করেননি। অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এজে

