সুন্দরবনে অভিযান চালিয়ে দুর্ধর্ষ ডাকাত ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (১৭ মার্চ) ভোরে পরিচালিত এ অভিযানে জিম্মিদের নিরাপদে উদ্ধার করা হলেও ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়।
বিজ্ঞাপন
উদ্ধারকৃত জেলেরা হলেন— খুলনার কয়রা উপজেলার রফিকুল (৩০), আলামিন (২৬) ও ইসমাঈল শানা (২৪) এবং সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজান আলী (৩৬), রেজওয়ান (২২) ও মিয়া রাজ (১৮)।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, গত ৭ মার্চ সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে গিয়ে ৬ জেলে ‘নানা ভাই’ বাহিনীর সদস্যদের হাতে অপহৃত হন। পরে তাদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন করা হচ্ছিল।
ঘটনার বিষয়ে ভুক্তভোগীদের স্বজনরা কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে কোস্ট গার্ড গোয়েন্দা নজরদারি শুরু করে এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৫টার দিকে অভিযান পরিচালনা করে।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান একটি বিশেষ দল নিয়ে শিবসা নদী সংলগ্ন কালির খাল এলাকায় অভিযান চালায়। এ সময় ডাকাতদের আস্তানা থেকে ৬ জেলেকে উদ্ধার করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা জিম্মিদের ফেলে বনের ভেতরে পালিয়ে যায়।
বর্তমানে উদ্ধারকৃত জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
প্রতিনিধি/ এজে

