মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ঢাকা

অসহায়দের চাল কম দেওয়ার অভিযোগ ইউপি সদস্যদের বিরুদ্ধে

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬, ১১:৪৪ এএম

শেয়ার করুন:

অসহায়দের চাল কম দেওয়ার অভিযোগ ইউপি সদস্যদের বিরুদ্ধে

পটুয়াখালীর দশমিনা উপজেলায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সরকারি বরাদ্দের চাল কম দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার বহরমপুর ইউনিয়নে সোমবার (১৬ মার্চ) ভিজিএফ কর্মসূচির আওতায় ১০ কেজি করে চাল বিতরণের কথা থাকলেও অনেকেই কম পেয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, বহরমপুর ইউনিয়নে ২ হাজার ৬৪৫ জন অসহায় ও দুস্থ পরিবারের মাঝে চাল বিতরণের জন্য ২৬ টন ৪৫০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়। জনসংখ্যার অনুপাতে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৯ জন ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের মাঝে চাল বিতরণের দায়িত্ব দেওয়া হয়।


বিজ্ঞাপন


ইউনিয়ন পরিষদের প্রশাসক এস. এম. আরিফ হোসেনের নির্দেশে প্রশাসনিক কর্মকর্তা মো. সোহাগ খান ইউপি সদস্যদের মধ্যে চাল ভাগ করে দেন।

সোমবার সকাল থেকে চাল বিতরণ শুরু হলে কয়েকটি ওয়ার্ডে ৫ জনকে এক বস্তা (৩০ কেজি) করে চাল দেওয়ার অভিযোগ ওঠে। এতে করে জনপ্রতি নির্ধারিত ১০ কেজির পরিবর্তে প্রায় ৬ কেজির মতো চাল পেয়েছেন অনেকেই। ফলে প্রাপ্য অনুযায়ী প্রায় ৪ কেজি করে চাল কম পেয়েছেন বলে অভিযোগ করেন উপকারভোগীরা।

সরেজমিনে দেখা যায়, ইউনিয়নের ২ হাজার ৬৪৫ পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও কিছু ক্ষেত্রে ৫ জনকে ৩০ কেজির একটি বস্তা চাল দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


৮ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য সুখি বেগম এবং ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল জলিল বলেন, তাদের ওয়ার্ডে জনসংখ্যার তুলনায় বরাদ্দ কম হওয়ায় নির্ধারিত ১০ কেজি করে চাল দেওয়া সম্ভব হয়নি। তবে যারা এসেছেন তাদের সবার মধ্যে সমানভাবে চাল বিতরণ করা হয়েছে বলে তারা দাবি করেন।

৮ নম্বর ওয়ার্ডের ভুক্তভোগী মুন্নি বেগম ও আল আমিন বলেন, সরকার আমাদের ১০ কেজি করে চাল দিয়েছে, কিন্তু সুখি মেম্বার ৫ জনকে ৩০ কেজির একটি বস্তা দিয়ে বলেছেন এর বেশি নেই। আমরা গরিব মানুষ, কিছু বলতেও পারি না।

১ নম্বর ওয়ার্ডের নিজাম, মোসলেম ও বেগম বলেন, আমরা গরিব মানুষ, যা পাই তাই নেই। ১০ কেজি দেওয়ার কথা থাকলেও ৬ কেজির মতো দেওয়া হয়েছে। প্রতিবাদ করলে মেম্বার রাগ দেখান, তাই কিছু বলি না।

এ বিষয়ে বহরমপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. সোহাগ খান বলেন, ‘ইউপি সদস্যদের সমহারে চাল বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে। কেউ কম দিয়ে থাকলে তা সংশ্লিষ্ট ইউপি সদস্যের বিষয়। বরাদ্দের তুলনায় উপকারভোগী বেশি হলে কম হতে পারে।’

বহরমপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক এস. এম. আরিফুর রহমান বলেন, ‘ইউনিয়নে ২ হাজার ৬৪৫ জনের নামে ১০ কেজি করে মোট ২৬ টন ৪৫০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ১২ জন ইউপি সদস্যের মাঝে তা বণ্টন করা হয়েছে। মৌখিকভাবে চাল কম দেওয়ার অভিযোগ পাওয়ার পর ইউপি সদস্যদের সতর্ক করা হয়েছে।’

এ বিষয়ে দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, ‘চাল কম দেওয়ার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

প্রতিনিধি/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর