রংপুরে সার কালোবাজারি সিন্ডিকেটের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ।
সোমবার (১৬ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মো. মাহফুজুর রহমান।
বিজ্ঞাপন
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন তাজহাট থানার খেরবাড়ি এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে আশরাফ ওরফে কাল্লু (৫৫), ডিমলা থানার মৃত স্বদেশ কুমার রায়ের ছেলে লিটন কুমার রায় (৫০), মাহিগঞ্জ থানার নাছনিয়া এলাকার শাহজাহান মিয়ার ছেলে মমদেল হোসেন (৫২) এবং বিএডিসির উপ-সহকারী পরিচালক জিয়াউর রহমান (৪১)।
পুলিশ জানায়, রোববার বিকেলে নগরীর পান্ডারদিঘী এলাকায় অভিযান চালিয়ে সার সিন্ডিকেটের সঙ্গে জড়িত এই চারজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
গত ১৯ জানুয়ারি পরশুরাম থানার সামনে অভিযান চালিয়ে ২১৪ বস্তা রাসায়নিক সারসহ একটি ট্রাক জব্দ করা হয়েছিল। ওই ঘটনায় এর আগেও দুজনকে গ্রেফতার করেছিল প্রশাসন।
প্রতিনিধি/একেবি

