সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ঢাকা

যশোর আদালত ভবনের ভেতরে সংঘর্ষ, নারীসহ ৩ জন আটক

জেলা প্রতিনিধি, যশোর 
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ০৯:১৮ পিএম

শেয়ার করুন:

যশোর আদালত ভবনের ভেতরে সংঘর্ষ, নারীসহ ৩ জন আটক

যশোরের আলোচিত প্রতারক মাহমুদার কাণ্ডকে ঘিরে এবার আদালত ভবনের ভেতরে ভুক্তভোগী ও মাহমুদার স্বজনদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সোমবার (১৬ মার্চ) শ্লীলতাহানি ও পাল্টাপাল্টি মারধরের অভিযোগে আদালত প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, এজলাসের সামনে থেকেই দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মাহমুদার ভাই ভুক্তভোগী এক নারীর শ্লীলতাহানি করলে অন্যরা পাল্টা হামলা চালায়। এ সময় মাহমুদার ভাই পাশের সিঁড়িতে পড়ে আহত হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে কোর্ট পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মারামারিতে জড়িত থাকার অভিযোগে দুই নারীসহ তিনজনকে আটক করে আদালতে সোপর্দ করে।


বিজ্ঞাপন


অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলাম বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে পুরাতন কসবার হেদায়েত হোসেনের ছেলে ইমরানকে ১৫ দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে ঘোপ জেলরোড এলাকার তানিয়া রহমান ও শেখহাটির ইন্নাতুল হাসানকে মুচলেকায় মুক্তি দেওয়া হয়। এদিন আদালত মাহমুদার এক দিনের রিমান্ডও মঞ্জুর করেন।

বাদীপক্ষের আইনজীবী ফাইনা বর্না জানান, সোমবার মাহমুদার বিরুদ্ধে দায়ের করা একটি মামলার রিমান্ড শুনানি ও জামিন আবেদনের দিন ধার্য ছিল। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। এজলাস থেকে বের হওয়ার পর সিঁড়ির কাছে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা থেকে মারামারি শুরু হয়। পরে আদালত একজনকে সাজা প্রদান করেন এবং দুইজনকে মুক্তি দেন।

কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত ৭ মার্চ ভুক্তভোগীরা মাহমুদাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। ওই দিনই থানায় একটি মামলা দায়ের করা হয়। পরদিন আদালতে আরও আটটি এবং তার পরের দিন আরও একটি মামলা হয়। এছাড়া তার বিরুদ্ধে প্রতারণার অসংখ্য অভিযোগ রয়েছে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর