ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, ‘বাংলাদেশে বর্তমানে যে খাল খনন কর্মসূচি শুরু হয়েছে, তা শহীদ জিয়ার দেখানো পথেরই অনুসরণ। আমরা নিজেদের মাটি নিজেরা খুঁড়ে পানি আনব এবং সেই জমিতে চাষাবাদ করে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করব।’
সোমবার (১৬ মার্চ) দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দমদমা খাল খনন কর্মসূচির উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
মিজানুর রহমান মিনু বলেন, ‘১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বাংলাদেশে চরম দুর্ভিক্ষ ছিল। তখন লোকসংখ্যা মাত্র সাত কোটি থাকা সত্ত্বেও মানুষ ছিল নিঃস্ব ও কঙ্কালসার। শহীদ জিয়া ক্ষমতায় এসে জনগণকে উদ্বুদ্ধ করেছিলেন। দেশব্যাপী খাল খননের মাধ্যমে তিনি এক ফসলি জমিকে তিন ফসলি জমিতে রূপান্তর করে ১৯৭৭-৭৮ সালেই বাংলাদেশকে প্রায় খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন।’
ভূমিমন্ত্রী তার ছাত্রজীবনে রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচিতে অংশগ্রহণের স্মৃতিচারণ করে বলেন, সেই উদ্যোগ সে সময় এ এলাকায় ব্যাপক ইতিবাচক পরিবর্তন এনেছিল।
এদিনের কর্মসূচিতে রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে, দুপুর ১২টায় নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বিল লতা খালের বেলগাপুর থেকে জুলুপাড়া পর্যন্ত ১ হাজার ২০০ মিটার খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। ওই অনুষ্ঠানে নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারি টিপু, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
প্রতিনিধি/একেবি

