জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী এক মাসের মাথায় সারাদেশে নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি শুরু করেছে বিএনপি সরকার। তারই ধারাবাহিকতায় আজ জয়পুরহাটে মুরালী ভাবকি খাল খননের উদ্বোধন করা হয়। শুধু এই খাল খননই নয়, সারাদেশে খাল খননে কোনো প্রকার দুর্নীতি সহ্য করা হবে না। ‘উইআর ইন অ্যাকশন’ আমরা ‘অ্যাকটিভ’। আমরা বসে নেই। দ্রুত সমাধানের চেষ্টা করছি।
সোমবার (১৬ মার্চ) দুপুরে জয়পুরহাটের কালাই উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নে মুরালী ভাবকি খাল নিজ হাতে খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
বিজ্ঞাপন
প্রতিমন্ত্রী আরও বলেন, গত কয়েকদিনের বৃষ্টির পানি জমে এই এলাকার আলু খেত নষ্ট হয়েছে। আবার শুষ্ক মৌসুমে পানির অভাবে সেচ দেওয়ারও কষ্ট হয়। এই খাল খননের পর বর্ষাকালে অতিরিক্ত পানি দ্রুত নেমে যাবে এবং শুষ্ক মৌসুমে এই খালের পানি দিয়ে সেচ কার্যক্রম বেগবান হবে। এতে কৃষককে আর ভোগান্তি পোহাতে হবে না। একইভাবে এই খাল খননের মাধ্যমে আমরা পাড়ের দুই পাশে ফলের গাছ রোপণ করব, যাতে দেশের সম্পদ বৃদ্ধি হয়।
প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনি প্রতিশ্রুতি মোতাবেক বিএনপি সরকার দেশে ইতোমধ্যে ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করেছে। ইমাম, মোয়াজ্জেম, খতিব ও অন্যান্য ধর্মের উপাসনালয়ের পুরোহিতদের সম্মানীভাতা দেওয়া শুরু করেছে সরকার। যা অতীতে কোনো সরকার করতে পারেনি। যা পাইলট প্রকল্প হিসেবে পর্যায়ক্রমে সবাই পাবেন।

বিজ্ঞাপন
খাল খনন উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন- জয়পুরহাট জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া, পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার রহমান, সদ্য ঘোষিত জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রিয়াদুল ইসলাম, কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা, কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম, জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধানসহ প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, জয়পুরহাটে হারাইল, ঘোলাগাড়া, রত্নাহার ও মুরালী ভাবকী খাল মিলে মোট ১৫ হাজার ৩১০ মিটার খাল খননের জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৩ কোটি টাকা। এরমধ্যে কালাই উপজেলার মুরালী ভাবকি খাল ২ হাজার ৮০০ মিটার খনন কাজের জন্য ব্যয় ধরা হয়েছে ৫৪ লাখ টাকা। এই কাজগুলো দেখভাল করবেন পানি উন্নয়ন বোর্ড।
প্রতিনিধি/এসএস

