গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়ন পরিষদে ভিজিএফ-এর চাল বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ করেছেন কয়েকশ সুবিধাভোগী।
সোমবার (১৬ মার্চ) দুপুরে ক্ষুব্ধ জনতা ইউনিয়ন পরিষদের সামনের গাইবান্ধা-পলাশবাড়ী প্রধান সড়ক অবরোধ করে এই প্রতিবাদ জানান।
বিজ্ঞাপন
ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারের পক্ষ থেকে বরাদ্দকৃত ভিজিএফ-এর চাল বিতরণের জন্য তাদের হাতে হাতে স্লিপ দেওয়া হয়েছিল। নির্দিষ্ট সময়ে চাল নিতে ইউনিয়ন পরিষদে উপস্থিত হলেও চাল ফুরিয়ে গেছে বলে তাদের ফিরিয়ে দেওয়া হয়। এতে উত্তেজিত হয়ে পড়েন দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা নারী ও পুরুষরা। চাল না পেয়ে সুবিধাভোগীরা পরিষদ সংলগ্ন গাইবান্ধা-পলাশবাড়ী প্রধান সড়ক অবরোধ করেন। এসময় তারা স্লোগান দিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করতে থাকেন। অবরোধের ফলে রাস্তার উভয় পাশে কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ পথচারীরা চরম দুর্ভোগে পড়েন।
বিক্ষোভকারী এক নারী বলেন, সকাল থেকে না খেয়ে চালের জন্য লাইনে দাঁড়িয়ে আছি। আমাদের হাতে স্লিপ আছে, কিন্তু এখন বলছে চাল শেষ। তাহলে আমাদের স্লিপ কেন দেওয়া হলো?
অন্য এক সুবিধাভোগী করেন, প্রকৃত কার্ডধারীদের বঞ্চিত করে অন্য কোথাও চাল সরিয়ে ফেলা হয়েছে। সংবাদ পেয়ে স্থানীয় থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের প্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তারা সুবিধাভোগীদের আশ্বস্ত করেন যে, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং যোগ্য প্রত্যেকেই যেন চাল পায় তা নিশ্চিত করা হবে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

