সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ঢাকা

যশোরে চালককে হত্যা করে রিকশা ছিনতাই

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ০৮:০৬ এএম

শেয়ার করুন:

যশোরে চালককে হত্যা করে রিকশা ছিনতাই

যশোরের সদর উপজেলার ভাটপাড়া এলাকায় এক রিকশাচালককে মাথায় আঘাত করে হত্যা করে রিকশা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

রোববার (১৬ মার্চ) রাত ৮টার দিকে ভাটপাড়া প্রাইম ইটভাটার রোডে এই নৃশংস ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত রিকশাচালকের নাম আলমগীর (৫৫)। তিনি যশোর সদরের চাচড়া বড় মাদরাসা এলাকার মৃত রজব আলী দরবেশের ছেলে। বর্তমানে তিনি ঝুমঝুমপুর শ্মশান সংলগ্ন একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় অজ্ঞাতনামা কিছু দুর্বৃত্ত যাত্রী বেশে আলমগীরের রিকশাটি ভাড়া করে ভাটপাড়া প্রাইম ইটভাটার নির্জন সড়কে নিয়ে যায়। সেখানে পৌঁছালে দুর্বৃত্তরা কোনো ভারী বস্তু দিয়ে তার মাথায় প্রচণ্ড আঘাত করে। আলমগীর রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে ছিনতাইকারীরা তার রিকশাটি নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে গোলাম রাব্বি নামের এক পথচারী তাকে গুরুতর আহত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে উদ্ধার করেন। দ্রুত তাকে যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রিকশাটি ছিনতাই করার উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে নির্জন স্থানে নিয়ে গিয়ে মাথায় আঘাত করে রিকশাটি নিয়ে চম্পট দেয়।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক হাসিব বলেন, হাসপাতালে আনার আগেই ভিকটিমের মৃত্যু হয়েছিল। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


বিজ্ঞাপন


যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। পুলিশ অপরাধীদের শনাক্ত করতে এবং ছিনতাই হওয়া রিকশাটি উদ্ধারে অভিযান শুরু করেছে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর