সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ঢাকা

জমে উঠেছে নওগাঁর ঈদ বাজার, মেয়েদের পছন্দের শীর্ষে ‘ফারসি গারারা’

সুমন আলী, নওগাঁ
প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬, ১১:৪৪ এএম

শেয়ার করুন:

জমে উঠেছে নওগাঁর ঈদ বাজার, মেয়েদের পছন্দের শীর্ষে ‘ফারসি গারারা’
জমে উঠেছে নওগাঁর ঈদ বাজার

ঈদের কেনাকাটায় নওগাঁর বিপণিবিতানগুলো জমে উঠেছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে কেনাকাটার ধুম। নিজেদের পছন্দের পোশাক কিনতে পরিবার-পরিজন, বন্ধুবান্ধব নিয়ে ছোট-বড় মার্কেট ও বিপণিবিতানগুলোতে ভিড় করছেন অনেকে। পিছিয়ে নেই ফুটপাতের বেচাকেনাও। তবে বেচাকেনায় বিক্রেতারা সন্তুষ্ট হলেও পোশাকের দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ক্রেতাদের মাঝে। 

বিক্রেতারা বলছেন, অন্য বছরের তুলনায় এবার আগেভাগেই বিক্রি শুরু হয়েছে। রোজার ১০ দিন পর থেকেই বিপণিবিতানগুলোতে ক্রেতাদের আনাগোনা বেড়েছে। ঈদ যত ঘনিয়ে আসবে, ততই বেচাকেনা বাড়বে।


বিজ্ঞাপন


2e6cdb50-f86b-414b-89d7-57565d1752d2

সরেজমিনে আনন্দবাজার শপিং কমপ্লেক্স, জহির প্লাজা, দেওয়ান বাজার, মক্কা মার্কেট, শুভ প্লাজা, ইসলাম মার্কেট, বিসমিল্লাহ টাওয়ার, মদিনা মার্কেট, কুমারখালি বস্ত্রালয়, বিশাল ক্লথ স্টোর ঘুরে দেখা যায়, প্রতিটি মার্কেটেই ব্যাপক ক্রেতার সমাগম। বিক্রির জন্য বিক্রেতারা ব্যস্ত ক্রেতাদের পছন্দের পোশাক দেখাতে। দামাদামি চলছে মার্কেটের ভেতর। পোশাকের পাশাপাশি কসমেটিকস আর জুয়েলারি কিনতেও ক্রেতাদের বেশ ভিড়। স্বল্প দামে পছন্দের পোশাক কিনতে ফুটপাতের দোকানগুলোতেও মানুষের ভিড় দেখা গেছে।

বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, দেশি-বিদেশি বিভিন্ন ধরনের আকর্ষণীয় পোশাকের পাশাপাশি এবার মেয়েদের পছন্দের তালিকায় পাকিস্তানি-ইরানি ডিজাইনের বিশেষ ধরনের থ্রি পিস ‘ফারসি গারারা’ ড্রেস। চাহিদার শীর্ষে রয়েছে সারারা ও গারারা, সায়রাকাট, নায়রাকাট থ্রি পিস। তরুণীদের মধ্যে গাউন, টপস, জিপসি, ফ্লোর টাচ ও লেহেঙ্গার চাহিদাও রয়েছে প্রচুর। নারীদের পছন্দের শীর্ষে রয়েছে নানা রকম শাড়ি, থ্রি পিস, আরামদায়ক সুতি পোশাক। আর ছেলেদের পছন্দের তালিকায় রয়েছে শার্ট, টি-শার্ট, জিন্স, পায়জামা-পাঞ্জাবিসহ বাহারি পোশাক।

43f9aa2c-1bf6-45a3-9a2d-32a57ecb6e23


বিজ্ঞাপন


পরিবার নিয়ে ঈদের কেনাকাটা করতে আসা রফিক ইসলাম বলেন, এ বছর বাজারে পর্যাপ্ত পোশাক থাকলেও দাম গতবারের তুলনায় অনেকটা বেশি মনে হচ্ছে। বাচ্চাদের পোশাকের দাম তুলনামূলক বেশি। আমার পাঁচ বছরের মেয়ের জন্য পছন্দ হওয়া একটা ড্রেসের দামই যাচ্ছে ৪ হাজার টাকা।

শিক্ষার্থী তানিয়া রহমান বলেন, মায়ের সঙ্গে বিভিন্ন মার্কেটে প্রায় দুই ঘণ্টার মতো ঘুরে পাকিস্তানি পোশাক পাকিস্তানি-ইরানি ডিজাইনের ফারসি গারারা থ্রিপিস কিনেছি। বিভিন্ন ওয়েবসাইট দেখে এ পোশাকটি পছন্দ হওযায় কিনেছি।

আল-আমিন নামে আরেক ক্রেতা বলেন, দাম নিয়ে ক্রেতাদের কিছুটা অস্বস্তি দেখছি। কিন্তু কী করবো বলেন! সব জিনিসের দামই বেড়েছে। তাই বাধ্য হয়ে কিনতে হচ্ছে।

ca5948b0-b142-4eb3-b997-301bed044212

আসমান বিগবাজার দোকানের কর্মচারী নাজমুল হোসেন বলেন, তাদের দোকানে ছোট-বড় সব বয়সী মেয়েদের জন্য বিভিন্ন ধরনের থ্রি পিস, টপস, জিপসি, গাউন, লেহেঙ্গা, ফ্লোর টাচ নামের পোশাক রয়েছে। ৮ থেকে ২১ বছর বয়সী শিশু তরুণীদের পছন্দের শীর্ষে থাকা পাকিস্তানি-ইরানি ডিজাইনের ফারসি গারারা থ্রি পিস ২ হাজার ৫০০ থেকে ৬ হাজার টাকায় বিক্রি হচ্ছে। শাড়ির মধ্যে নারীদের পছন্দের শীর্ষে জয়পুরি, কাঞ্জিবরণ ও বেনারসি। এছাড়া হাফসিল্ক, জামদানি, খাদি ও মাসরাইজ শাড়ির চাহিদাও রয়েছে।

আসমান বিগবাজার দোকানের মালিক ওহিদুর রহমান বলেন, রোজার ১০ দিন পর থেকে ক্রেতাদের ভিড় বাড়তে শুরু করে। আমাদের দোকানে সব ধরনের কালেকশন রয়েছে। ক্রেতাদের কথা মাথায় রেখে বিভিন্ন ধরন ও দামের পোশাকের সমাহার রেখেছি। এর মধ্যে তরুণীরা বেশি কিনছেন, পাকিস্তানি-ইরানি ডিজাইনের ফারসি গারারা থ্রিপিস। এছাড়া পাকিস্তানি সারারা, নায়কাট থ্রি পিস, লোন থ্রি পিস ও ইন্ডিয়ান বিভিন্ন ধরণের গাউন থ্রি পিসের চাহিদা বেশ ভালো।

গীতাঞ্জলি মার্কেটের শিলামনি দোকানের মালিক নেপাল চন্দ্র ঘোষ বলেন, আমাদের দোকানে শিশু থেকে শুরু করে সব বয়সী নারী-পুরুষের জন্য পোশাক রয়েছে। প্রথম দিকে কেনাকেটা কম হলেও ঈদের দিন যতই ঘনিয়ে আসছে বেচাকেনা ততই বাড়ছে। আশা করি সামনের কয়েকদিন আরো ভালো বেচাকেনা হবে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর