শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ঢাকা

ইউএনও’র রুম থেকে নিয়োগ পরীক্ষার কাগজ ছিনিয়ে নিলো বিএনপি নেতা

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬, ০৮:০৮ এএম

শেয়ার করুন:

ইউএনও’র রুম থেকে নিয়োগ পরীক্ষার কাগজ ছিনিয়ে নিলো বিএনপি নেতা

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মেদনিসাগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দীন ও তার সহযোগীদের বিরুদ্ধে।

শুক্রবার (১৩ মার্চ) বিকেল হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


কলেজ সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটিতে আয়া ও পরিচ্ছন্নতা কর্মী পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ৮ প্রার্থী অংশ নেন। লিখিত পরীক্ষা শেষে ভাইভা নেওয়ার প্রস্তুতি চলছিল।

মেদনিসাগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ হারুনুর রশিদ জানান, লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর তারা ইউএনও’র কক্ষে বসেছিলেন। এ সময় উপজেলা বিএনপি সভাপতি জামাল উদ্দীন ও তার কয়েকজন সহযোগী সেখানে গিয়ে নীরিক্ষকদের কাছ থেকে পরীক্ষার সব কাগজপত্র ছিনিয়ে নিয়ে যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় অভিযোগ করতে গেছেন তারা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দীন বলেন, তারা কোনো কাগজপত্র নেননি। তার দাবি, প্রতিষ্ঠানটি আওয়ামী লীগ-ঘনিষ্ঠ হওয়ায় সেখানে দলীয় লোকদের নিয়োগ দেওয়ার চেষ্টা হচ্ছিল। বিষয়টি নিয়ে কথা বলতে গেলে ইউএনও তাদের সঙ্গে খারাপ আচরণ করেন।

তিনি আরও দাবি করেন, ইউএনও জামায়াতের লোক এবং তাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা।


বিজ্ঞাপন


এ বিষয়ে হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম বলেন, যথাযথ নিয়ম মেনে কলেজটির লিখিত নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং পরে ভাইভা নেওয়া শুরু হয়। ওই সময় বিএনপি সভাপতি ও তার সহযোগীরা ইউএনও কার্যালয়ে এসে একটি মব সৃষ্টি করে নিরীক্ষকদের কাছ থেকে পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নিয়ে যান।

তিনি আরও জানান, ঘটনাটি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর