শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ঢাকা

‘ক্রিস্টাল আইস’ তৈরির কাঁচামালসহ নারী আটক

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ১৩ মার্চ ২০২৬, ১১:৫৩ পিএম

শেয়ার করুন:

‘ক্রিস্টাল আইস’ তৈরির কাঁচামালসহ নারী আটক
‘ক্রিস্টাল আইস’ তৈরির কাঁচামালসহ আটক নারী। ছবি: সংগৃহীত

যশোর শহরে মাদক ‘ক্রিস্টাল আইস’ তৈরির বিপুল পরিমাণ কাঁচামালসহ এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে শহরের মনিহার সিনেমা হল সংলগ্ন এলাকায় চট্টগ্রামগামী একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

আটক শাপলা খাতুন স্বপ্না (২৮) সাতক্ষীরা সদর উপজেলার আকড়া খোলা গ্রামের আখতারুজ্জামানের মেয়ে।


বিজ্ঞাপন


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির উপপরিদর্শক (এসআই) অলক কুমার দে'র নেতৃত্বে একটি দল রাত ৯টার দিকে মনিহার এলাকায় ঈগল পরিবহনের কাউন্টারের সামনে অবস্থান নেয়। চট্টগ্রামগামী একটি বাসে তল্লাশির সময় শাপলা খাতুনের আচরণ সন্দেহজনক মনে হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি বাসের মালামাল রাখার বক্সে রাখা দুটি বস্তার সন্ধান দেন। পরে সেই বস্তা থেকে মাদক তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মালামালের মধ্যে ১০টি প্যাকেটে থাকা ২৫ কেজি এফিড্রিন ও তিনটি বোতলের ৬ লিটার হাইড্রোক্লোরিক এসিড রয়েছে।

পুলিশ বলছে, এসব রাসায়নিক দিয়ে উচ্চমূল্যের মাদক ‘ক্রিস্টাল আইস’ তৈরি করা হয়। জব্দ করা এসব কাঁচামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ লাখ টাকা।


বিজ্ঞাপন


জিজ্ঞাসাবাদে শাপলা খাতুন জানান, সাতক্ষীরার কলারোয়া উপজেলার আজমল হোসেন লাল্টু নামে এক ব্যক্তি তাকে এসব কাঁচামাল দেন। ভারত থেকে আনা এসব কাঁচামাল চট্টগ্রামের অলংকার মোড় এলাকায় পৌঁছে দেওয়ার কথা ছিল তার।

এ ঘটনায় শাপলা খাতুন ও পলাতক আজমল হোসেন লাল্টুর বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শুক্রবার আটক তরুণীকে আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এসআই অলক কুমার দে বলেন, ‘মরণ নেশা ক্রিস্টাল আইস তৈরির কাঁচামালসহ শাপলা খাতুন স্বপ্না নামের এক নারীকে আটক করা হয়েছে। তার কাছ থেকে ২৫ কেজি এফিড্রিন ও ৬ লিটার হাইড্রোক্লোরিক এসিড জব্দ করা হয়েছে।’

প্রতিনিধি/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর