করোনায় গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও ২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯ টা থেকে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
মৃত দুজনই পুরুষ, তারা রাজশাহী জেলার বাসিন্দা। তাদের একজন করোনা আক্রান্ত হয়ে ও অন্যজন করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে মারা গেছেন। এদের একজনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ও অপরজন ষাটোর্ধ বয়সী।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মৃতরা হাসপাতালের ২৯/৩০ নং ওয়ার্ডে ভর্তি ছিলেন। বর্তমানে (শুক্রবার সকাল ৯টা পর্যন্ত) করোনা ইউনিটে রোগী ভর্তি রয়েছেন ২৬ জন। যেখানে গতকালও ৩০ জন রোগী চিকিৎসাধীন ছিলেন।
এদের মধ্যে রাজশাহীর ১৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ১ জন, নওগাঁ ৬ জন, নাটোরের ২ জন, পাবনার ২ জন ও চুয়াডাঙ্গার ১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১১ জনের শরীরে। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৯ জন। এছাড়াও করোনা পরীক্ষায় নেগেটিভ এসেছে ৬ জনের।
এদিকে বৃহস্পতিবার রামেক হাসপাতালে ল্যাবে ৭০ জনের নমুনা পরীক্ষা করে করোনা ধরা পড়েছে ২ জনের শরীরে। একই সময়ে রামেক ল্যাবে ১২৩ জনের নমুনা পরীক্ষা করে করোনা ধরা পড়েছে ১২ জনের শরীরে।
এদিন মোট ১৯৩ জনের নমুনা পরীক্ষা করে করোনা ধরা পড়েছে ১৪ জনের শরীরে। পরীক্ষার অনুপাতে রাজশাহীতে করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে ৭ দশমিক ২৫ শতাংশে। একদিন আগে ছিল ৩ দশমিক ১৩ শতাংশ।
এএ




