বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সৈকতে ভেসে আসা মৃত তিমির দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ১৩ মার্চ ২০২৬, ০১:৫৭ পিএম

শেয়ার করুন:

সৈকতে ভেসে আসা মৃত তিমির দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার সমুদ্র সৈকতে ভেসে আসা একটি বিশালাকার মৃত তিমি চারদিন ধরে পড়ে থাকায় পচে গিয়ে পুরো এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। দ্রুত এটি অপসারণ বা মাটিচাপা দেওয়ার কার্যকর ব্যবস্থা না নেয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। পবিত্র রমজান মাসে রোজাদারসহ সাধারণ মানুষ দুর্গন্ধে চরম দুর্ভোগে পড়ছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৭ মার্চ রাতে উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের পশ্চিম সমুদ্র সৈকতে মৃত তিমিটি প্রথম ভেসে আসে। পরে জোয়ারের পানিতে তিমিটি উপকূলের আরও কাছে চলে এলে ইউনিয়ন পরিষদের উদ্যোগে এস্কেভেটর দিয়ে বালিয়াড়িতে গর্ত খুঁড়ে সেটিকে পুঁতে ফেলার চেষ্টা করা হয়।

আরও পড়ুন

পুকুর সেচতে গিয়ে মিলল অজ্ঞাত ব্যক্তির লাশ

দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ বলেন, শনিবার রাতে তিমিটিকে বালুর নিচে চাপা দেওয়া হয়েছিল। তবে পরদিন জোয়ারের তীব্র স্রোতে সেটি আবার বালিয়াড়ি থেকে বের হয়ে যায়। বর্তমানে তিমিটি পচে যাওয়ায় আশপাশের এলাকায় অসহনীয় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে বলেও তিনি জানান।

এদিকে স্থানীয়দের অভিযোগ, কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদোন্নতির কারণে বদলি হয়েছেন এবং সহকারী কমিশনার (ভূমি) ছুটিতে রয়েছেন। পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব পালন করলেও এ বিষয়ে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

এলাকাবাসীর আশঙ্কা, তীব্র গরমে তিমির পচা দেহ থেকে সৃষ্ট দুর্গন্ধ ও জীবাণু জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। তাই দ্রুত গভীর গর্ত খুঁড়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে তিমিটিকে মাটিচাপা দিয়ে সমস্যা সমাধানে জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর