হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গত ২৪ ঘণ্টায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে ৬৬ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, জিরা ও ১০টি গরু জব্দ করেছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাত ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
বিজ্ঞাপন
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি চৌকস অভিযানিক দল সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হবিগঞ্জের মাধবপুরের মুক্তিযোদ্ধা চত্বর নামক এলাকায় কৌশলগত অবস্থান নেয়।
এ সময় একটি সন্দেহভাজন ট্রাক আসতে দেখে সংকেত দিয়ে থামানো হয়। বিজিবি টহলদল ট্রাকটি তল্লাশি করে দেখতে পায়, বালুর নিচে বস্তার ভেতরে অত্যন্ত সুকৌশলে ভারতীয় বিপুল পরিমাণ জিরা লুকানো রয়েছে। তাৎক্ষণিকভাবে জিরা জব্দ করা হয়।
এছাড়াও, হবিগঞ্জ ৫৫ বিজিবির আওতাধীন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কাকমারাছড়া বিওপির টহলদল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে জাম্বুরাছড়া নামক স্থান হতে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করে।
বিজ্ঞাপন

অপরদিকে, হবিগঞ্জের চুনারুঘাটের গুইবিল ও চিমটিবিল বিওপি নিয়মিত টহল দল সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে জব্দ করে ১০টি ভারতীয় গরু। জব্দ করা গরু ও পণ্য সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান আছে।
প্রতিনিধি/এসএস

