ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে গঠিত একটি গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাহমুদুল হোসাইন অলিউল্লাহ।
বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে স্পিকারের সভাপতিত্বে ১১ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। অধিবেশনে কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হলে তা কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে অনুমোদন পায়।
বিজ্ঞাপন

সংসদের চিফ হুইপ আলহাজ মো. নূরুল ইসলাম মণিকে সভাপতি করে গঠিত এই কমিটিতে সদস্য হিসেবে আরও রয়েছেন রাকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, কায়ছার আহমদ, শহীদুল ইসলাম, নায়াব ইউসুফ আহমেদ, জাহাঙ্গীর হোসেন, সৈয়দ আবদুল্লাহ, মোহাম্মদ তাহের, সাইফুল আলম ও আবুল হাসনাত।
সংসদীয় কার্যক্রম পরিচালনা এবং সংসদ সদস্যদের সুযোগ-সুবিধা তদারকির ক্ষেত্রে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এ কমিটিতে বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাহমুদুল হোসাইন অলিউল্লাহর অন্তর্ভুক্তিতে বরগুনার স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
বিজ্ঞাপন

এ বিষয়ে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় সংসদ সদস্য মাহমুদুল হোসাইন অলিউল্লাহ বলেন, জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ একটি কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পাওয়াকে আমি বড় একটি দায়িত্ব ও সম্মান হিসেবে দেখছি। আমাকে যে আস্থা রেখে এই দায়িত্ব দেওয়া হয়েছে, তা যথাযথভাবে পালনের চেষ্টা করব। পাশাপাশি সংসদীয় কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব।
তিনি আরও বলেন, আমার নির্বাচনি এলাকা বরগুনার মানুষের উন্নয়ন এবং তাদের স্বার্থ রক্ষার বিষয়টি সবসময় অগ্রাধিকার পাবে।
প্রতিনিধি/এসএস

