নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই মাসের বকেয়া বেতন ও বোনাসের দাবিতে ভুইয়া ফেব্রিকস নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা প্রায় এক ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে।
বুধবার (১১ মার্চ) বেলা ১১ টার দিকে তারাবো পৌরসভার খাদুন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ কর্মসূচি পালন করে।
বিজ্ঞাপন
স্থানীয় ও বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, তারাবো পৌরসভার খাদুন এলাকার ভূইয়া ফেব্রিকস পোশাক কারখানায় ৪'শ শ্রমিক কাজ করে। শ্রমিকদের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদের বোনাস বকেয়া থাকলেও মালিকপক্ষ তা দেই দিচ্ছি বলে টালবাহানা করে আসছিলেন।
বুধবার সকালে শ্রমিকরা কারখানায় এসে জানতে পারেন বকেয়া বেতন ও ঈদ বোনাস ১৮ মার্চ পরিশোধ করা হবে বলে মালিকপক্ষ জানায়। এতে ক্ষিপ্ত হয়ে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা সিলেট মহাসড়ক প্রায় ১ ঘণ্টা অবরোধ করে রাখেন। এতে ঢাকা সিলেট মহাসড়কে দীর্ঘ ৮ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
এ সময় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। মালিকপক্ষ আগামীকাল ১২ মার্চ বেতন ও বোনাস দেওয়ার আশ্বাস দিলে প্রশাসনের হস্তক্ষেপে শ্রমিকরা পুনরায় কাজে যোগ দেয়। এতে স্বাভাবিক হতে শুরু করে ঢাকা সিলেট মহাসড়কের যান চলাচল।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক এসআই হুমায়ূন আহমেদ বলেন, মালিকপক্ষ আগামীকাল শ্রমিকদের বেতন প্রদানের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ উঠিয়ে কাজে যোগ দেয়।
বিজ্ঞাপন
প্রতিনিধি/একেবি

