বুধবার, ১১ মার্চ, ২০২৬, ঢাকা

শাশুড়ির ওপর অভিমান করে ভৈরব নদে ঝাঁপ দিয়ে গৃহবধূ নিখোঁজ

জেলা প্রতিনিধি, যশোর 
প্রকাশিত: ১০ মার্চ ২০২৬, ০৯:৩৮ পিএম

শেয়ার করুন:

শাশুড়ির ওপর অভিমান করে ভৈরব নদে ঝাঁপ দিয়ে গৃহবধূ নিখোঁজ
ভৈরব নদ।

যশোরের অভয়নগর উপজেলায় শাশুড়ির ওপর অভিমান করে নৌকা থেকে মাঝনদীতে ঝাঁপ দিয়ে সাবিনা বেগম (২৫) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। 

মঙ্গলবার (১০ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে ভৈরব নদের ভাটপাড়া খেয়াঘাটে এ ঘটনা ঘটে। এ সময় নৌকার মাঝি এবং ঘাটে উপস্থিত কয়েকজন যুবক নদীতে ঝাঁপ দিয়ে ওই গৃহবধূকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন। নিখোঁজ সাবিনা বেগম উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামের বাঁধন বিশ্বাসের স্ত্রী।


বিজ্ঞাপন


সাবিনা বেগমের শাশুড়ি রহিমা বেগম জানান, খুলনা থেকে ফেরার পথে তার পুত্রবধূ সাবিনার মোবাইল ফোন হারিয়ে যায়। বিকেলে ভাটপাড়া খেয়াঘাটে নৌকায় ওঠার পর মোবাইল হারানোর বিষয়ে কথা কাটাকাটি হলে অভিমান করে সাবিনা মাঝনদীতে ঝাঁপ দেন। অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া না গেলে নওয়াপাড়া ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

নৌকার মাঝি ধ্রুব দাস বলেন, শাশুড়ির ওপর অভিমান করে ওই গৃহবধূ নৌকা থেকে মাঝনদীতে ঝাঁপ দেন। অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিস এসে উদ্ধারকাজ শুরু করে।

নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করা হয়। তবে নদীতে তীব্র স্রোত এবং ঘন ঘন কার্গো জাহাজ চলাচলের কারণে সন্ধ্যার পর উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। খুলনা বিভাগীয় অফিসে ডুবুরি দলের জন্য আবেদন করা হয়েছে। বুধবার সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু হবে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর